বিআরটিসির নিজস্ব কারখানায় তৈরি দুইটি আধুনিক এসি বাসের উদ্বোধন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত দুইটি আধুনিক এসি বাসের উদ্বোধন করা হয়েছে। আজ গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বাসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ মইনউদ্দিন বলেন, বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস দেশের সক্ষমতার একটি স্পষ্ট প্রতীক। তিনি বলেন, দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে হলে সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। এ ক্ষেত্রে বিআরটিসিকেই নেতৃত্ব দিতে হবে। ভবিষ্যতে শুধু বিআরটিসির নিজস্ব বাস নয়, বেসরকারি খাতের বাসও যেন এই কারখানায় সংযোজন করা যায়—সে লক্ষ্যে প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, দেশের মেধা ও দক্ষতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিআরটিসির সম্প্রসারণের সুযোগ অনেক রয়েছে এবং সংস্থাটিকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি এই উদ্যোগকে বিআরটিসির জন্য একটি নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, সংশ্লিষ্ট সংস্থার প্রধান ও প্রতিনিধিরা এবং বিআরটিসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *