নতুন বছরকে স্বাগত জানাতে কুমিল্লায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা কর্মসূচিতে মুখর ছিল পুরো নগরী।
জেলা প্রশাসনের উদ্যোগে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। বর্ণাঢ্য এই শোভাযাত্রা নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বৈশাখের নানা আয়োজন।
শোভাযাত্রার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূইয়া।
শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এতে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অংশগ্রহণকারী কুমিল্লা মডার্ন হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা সরকার বলেন, পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব। এই দিনে পুরনো সব গ্লানি ভুলে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাওয়া যায়।
এদিকে, “আঁধার ছিঁড়ে আলোর ধারা—নবালোকে প্রাণের সাড়া” স্লোগানকে সামনে রেখে কুমিল্লা সাংস্কৃতিক জোট নগর উদ্যানে আয়োজন করে পৃথক বর্ষবরণ উৎসব। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এ আয়োজনে গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী অ্যাডভোকেট শহীদুল হক স্বপন, সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার, সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন এবং বাংলা নববর্ষ উদযাপন পর্ষদের আহ্বায়ক বেলায়েত হোসেন কনক ও সদস্য সচিব আশিক শিশির।
সব মিলিয়ে ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের অংশগ্রহণে কুমিল্লার এবারের বর্ষবরণ হয়ে উঠেছে এক প্রাণবন্ত ও মিলনমেলার উৎসব।