‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের প্রদর্শন স্থগিত

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সাময়িকভাবে স্থগিত করেছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ। অভিনেত্রী ও মডেল জেবা জান্নাত-এর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩-এর ধারা ৮ অনুযায়ী চলচ্চিত্রটির সার্টিফিকেশন সনদ (এল এফ-১৯/২০২৬, তারিখ: ১৬ মার্চ ২০২৬) সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলচ্চিত্রটি দেশের কোনো প্রেক্ষাগৃহ বা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না।

অভিযোগে জেবা জান্নাত দাবি করেন, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সে অনুযায়ী কয়েকটি দৃশ্যে অভিনয়ও করেন। কিন্তু পরে তিনি দেখতে পান, তার স্থিরচিত্র ব্যবহার করে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, নাটকের জন্য ধারণ করা দৃশ্যগুলো তার অনুমতি ছাড়াই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে যুক্ত করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে চলচ্চিত্রটি নিয়ে অভিনেত্রী মৌসুমী এবং তার স্বামী ওমর সানীও প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্রটির প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বলেছে, এসব অভিযোগ ও জনমনে তৈরি হওয়া বিরূপ প্রতিক্রিয়ার বিষয় বিবেচনায় নিয়েই সাময়িকভাবে সনদ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে অনুমতি ছাড়া দৃশ্য ব্যবহার, মৌখিক চুক্তি এবং শিল্পীদের সম্মতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *