প্রাণিসম্পদ খাতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

দেশের প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও কার্যকর করতে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) অডিটোরিয়ামে আয়োজিত ‘লাইভস্টক সার্ভিস ট্রান্সফরমেশন (এলএসটি) প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ক ভ্যালিডেশন কর্মশালা’-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন অপরিহার্য। এ জন্য প্রাণীর যথাযথ পরিচর্যা, চিকিৎসা ও সেবা নিশ্চিত করতে হবে। তিনি জানান, সরকার ইতোমধ্যে এ খাতের উন্নয়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের সঠিক ব্যবস্থাপনার জন্য আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থা, উন্নত ক্লিনিক এবং পর্যাপ্ত দক্ষ জনবল প্রয়োজন। খাতটিকে সময়োপযোগী করতে নতুন প্রকল্প গ্রহণ এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারি সংস্থা, বেসরকারি উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে। এর মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাও সম্ভব হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ শাহজামান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে এলএসটি প্রকল্পের সম্ভাবনা ও কার্যক্রম নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো: মুশফিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক ড. রেজাউল হক খান। এ সময় মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *