ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস -এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার (৯ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বাংলাদেশের আসন্ন গণভোট, জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক সংস্কার ও সংবিধান সংশোধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এসব বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আলী রীয়াজ প্রেক্ষাপট ও পটভূমি তুলে ধরেন এবং জুলাই সনদের বিষয়বস্তু ব্যাখ্যা করেন।
তিনি বলেন, গণতান্ত্রিক পথযাত্রাকে সুন্দর ও মসৃণ করতে এবং ভবিষ্যতে যেন মানুষের অধিকার বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তিনি আরও জানান, প্রায় নয় মাস ধরে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট দলগুলো স্বাক্ষর করেছে।
জুলাই সনদ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক আলী রীয়াজ গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থন কামনা করেন।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলনেতা ইভার্স ইজাবস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইইউর ধারাবাহিক সমর্থনের আশ্বাস দেন। তিনি বলেন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি ইউরোপীয় ইউনিয়ন সবসময় শ্রদ্ধাশীল। এ লক্ষ্য অর্জনে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও গণভোট আয়োজনের প্রতি তিনি সমর্থন জানান।
তিনি আরও আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের একটি নতুন অধ্যায় শুরু হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় হবে।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন উপপ্রধান নির্বাচন পর্যবেক্ষক ইন্টা লাসে, রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি, ক্যালেরি রিকার্ডো, এইরিনি গৌনারি ও অ্যান মার্লবরো।