আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, , আসন্ন বইমেলার সার্বিক প্রস্তুতি ও সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। পরে প্রকাশকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হবে এবং ১৫ মার্চ পর্যন্ত চলবে।
এবারের বইমেলায় অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। প্রকাশকদের আর্থিক চাপ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
এছাড়া, যারা এখনো স্টল বরাদ্দ নেননি, তারা আগামী ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের একইদিন সন্ধ্যা ৬টায় স্টল বরাদ্দ দেওয়া হবে।
সভায় জানানো হয়, সুষ্ঠু ও প্রাণবন্ত পরিবেশে বইমেলা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এবারের বইমেলা পাঠক ও প্রকাশকদের জন্য ইতিবাচক ও স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করবে।