দেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করতে যৌথভাবে একটি সিম্পোজিয়ামের আয়োজন করেছে Military Institute of Science and Technology (এমআইএসটি) এবং Bangladesh Energy and Power Research Council (বিইপিআরসি)। “Sustainable Technologies for Bangladesh’s Clean Energy Transition” শীর্ষক এই সিম্পোজিয়াম মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হয়।
দেশের টেকসই ও নিরাপদ জ্বালানি ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে নীতিনির্ধারক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনায় উঠে আসে—জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং গবেষণাকে বাস্তব প্রয়োগে রূপ দেওয়ার প্রয়োজনীয়তা।
প্রধান অতিথি হিসেবে বিইপিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি। একাডেমিয়া, শিল্পখাত ও সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন। গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব প্রকল্পে প্রয়োগের ওপরও তিনি গুরুত্ব দেন।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ বলেন, দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তা অপরিহার্য। নিরবিচ্ছিন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়।
বিশেষ অতিথি বিইপিআরসি সদস্য (অতিরিক্ত সচিব) ড. মো. রফিকুল ইসলাম সরকারের বিভিন্ন কৌশল ও নীতিমালার কথা তুলে ধরেন। তিনি বলেন, জ্বালানি উৎসের বৈচিত্র্য বাড়াতে হবে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী বক্তব্যে এমআইএসটির ইইসিই বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি প্রযুক্তিতে প্রতিষ্ঠানের চলমান গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের জ্ঞানবিনিময়মূলক আয়োজন নতুন ধারণা ও সমাধান খুঁজে পেতে সহায়ক।
কারিগরি সেশনে পাঁচজন বিশেষজ্ঞ বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমসাময়িক গবেষণা ও নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। বিইপিআরসি-এর ড. হাসান মাহমুদ সরকারি সহায়তাপ্রাপ্ত গবেষণার অগ্রাধিকার ও অর্থায়নের সুযোগ তুলে ধরেন। ব্রিগেডিয়ার জেনারেল একেএম খবিরুল ইসলাম ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণ এবং কার্বন নিঃসরণ কমাতে গ্রিডভিত্তিক হাইড্রোজেনের সম্ভাবনা ব্যাখ্যা করেন। লংগি সোলারের আশিক মাহমুদ উচ্চ ক্ষমতাসম্পন্ন সোলার সেল প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন।
মেজর শাহ মোয়াজেম হোসেন নবায়নযোগ্য জ্বালানির অধিক সংযুক্তির ক্ষেত্রে গ্রিড স্থিতিশীলতা রক্ষায় উন্নত নিয়ন্ত্রণ ও সুরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেন। রিভেরি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং-এর মো. জাহাঙ্গীর আল জিলানি জ্বালানি বাজারের পরিবর্তনশীল চিত্র বিশ্লেষণ করে গবেষণাভিত্তিক উদ্ভাবনে শিল্প–একাডেমিয়া সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সিম্পোজিয়ামে ইইসিই বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। আয়োজকদের মতে, এ উদ্যোগ দেশের ক্লিন এনার্জি রূপান্তর ত্বরান্বিত করতে গবেষণা উৎকর্ষ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অংশীদারিত্বমূলক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।