স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। তিনি স্পষ্টভাবে জানান, একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হওয়ায় মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারী) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ পর স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের প্রত্যাশাও বেড়েছে। তিনি জানান, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পুলিশসহ বিভিন্ন বাহিনীতে গণতান্ত্রিক সংস্কার আনা হবে। তবে তার আগে সংস্কারের অগ্রাধিকার ঠিক করতে হবে।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং নৈতিক মান উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। এজন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, নতুন জনবল নিয়োগের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুমোদনের বিষয় জড়িত রয়েছে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন। এসব সুপারিশের ভিত্তিতেই সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ দেলোয়ার হোসেন এবং বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান ও সংশ্লিষ্ট অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।