মালদ্বীপে গোল্ড মেডেল জয় করে বিশ্বমঞ্চে বাংলাদেশের পেস্ট্রি শিল্পের সাফল্য

বাংলাদেশি তরুণ পেস্ট্রি শেফ ও আন্তর্জাতিক ট্রেইনার মোঃ সাব্বির হোসেন হৃদয় মালদ্বীপে অনুষ্ঠিত আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড কেক আর্টিস্ট্রি অ্যাওয়ার্ড ২০২৬’-এ গোল্ড মেডেল জিতেছেন। তিনি ‘অ্যাডভান্স ফ্লোরাল পাইপিং’ ক্যাটাগরিতে অসাধারণ সৃজনশীলতা, নান্দনিকতা ও কারিগরি দক্ষতার মাধ্যমে এই সাফল্য অর্জন করেন।

প্রতিযোগিতাটি কুরুম্বা রিসোর্টে অনুষ্ঠিত হয় এবং এতে বিশ্বের ৩৮টি দেশের প্রায় ৮০০ পেশাদার আর্টিস্ট অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের যুব ক্ষমতায়ন, তথ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি মোহাম্মদ আসিল তাঁর হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

এই সাফল্যে বাংলাদেশ সরকারের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী মোঃ সাব্বির হোসেন হৃদয়কে অভিনন্দন জানান। তিনি বলেন, “এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের দক্ষতা উন্নয়নের সাফল্য ও আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতা করার সক্ষমতার প্রমাণ।”

মোঃ সাব্বির হোসেন হৃদয় ২০২১ সালে এনএসডিএ আয়োজিত জাতীয় দক্ষতা প্রতিযোগিতায় বেকারি ট্রেডে চ্যাম্পিয়ন হন। এরপর বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়ে সুইজারল্যান্ডের লুজান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ডস্কিলস কম্পিটিশনে অষ্টম স্থান অধিকার করেন। ২০২৩ সালে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনাল তাঁকে ‘বেস্ট অব নেশন’ ঘোষণাও দেয়।

তিনি তার প্রতিষ্ঠান ‘রিদয় বেক হাউস’-এর মাধ্যমে অনলাইন ও অফলাইনে ১০,০০০-এর বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন, যা দেশের বেকিং ও পেস্ট্রি খাতে দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *