বাংলাদেশ-চীন বাণিজ্য জোরদারে বিসিসিআই’র প্রতিনিধি দলের নতুন প্রস্তাবনা

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সোমবার (২রা মার্চ ) বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও শিল্প সহযোগিতা আরও জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ থেকে চীনে তৈরি পোশাক ও অন্যান্য পণ্যের উপস্থিতি বাড়াতে অন্তত ২০টি ব্র্যান্ডেড খুচরা বিক্রয়কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতের মাধ্যমে এলএনজি আমদানির সুযোগ দেয়ার প্রস্তাবও উঠে আসে।

প্রতিনিধিদল চীনা বিনিয়োগ আরও বাড়ানোর ওপর জোর দেন এবং চীন থেকে বাংলাদেশে শ্রমনির্ভর শিল্প স্থানান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এতে কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং দেশীয় শিল্পায়ন ত্বরান্বিত হবে।

বিসিসিআই-এর পক্ষ থেকে আরও কৌশলগত প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—চীনে বাংলাদেশের কৃষিপণ্য ও ভ্যালু-অ্যাডেড পণ্যের রপ্তানি সম্প্রসারণ, চীনের সহায়তায় আধুনিক পলিটেকনিক ইনস্টিটিউট এবং মেডিকেল নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, এবং বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা স্থাপনে উৎসাহ প্রদান।

প্রতিনিধিদল বৈঠকের শেষে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্ব ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *