ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে সরকার নির্ধারিত ২২ ফুট সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে এলাকার দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী।
সরেজমিনে দেখা গেছে, বাজারের ফুটপাত এখন পথচারীদের জন্য প্রায় অচল। কিছু ব্যবসায়ী ফুটপাতের ওপর বড় বড় খালি পানির ট্যাংকি ও গ্যাসের সিলিন্ডার রেখে জায়গা দখল করে রেখেছেন। ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করছেন। এতে ঝুঁকি বাড়ছে, বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুদের ক্ষেত্রে।
কুঞ্জেরহাটের ডিটিএম মাধ্যমিক বিদ্যালয় এবং ৪১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যাতায়াত করছে। অভিভাবকরা বলছেন, বাজার এলাকায় যানবাহনের চাপ বেশি থাকায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
দুই স্কুলের মিলনস্থলের সামনে আরও উদ্বেগজনক চিত্র দেখা গেছে। আশপাশের কয়েকটি এলাকার আবর্জনা দীর্ঘদিন ধরে স্কুলের সামনে স্তূপ করে রাখা হচ্ছে। পচা ময়লার তীব্র দুর্গন্ধে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষকরা বলছেন, খোলা জানালা দিয়ে দুর্গন্ধ ঢুকে পড়ায় ক্লাস চালানো কঠিন হয়ে পড়ছে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী হাসান জানায়, বহুবার স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করা হলেও এখনো ময়লা অপসারণ হয়নি। শিক্ষার্থীরা জানায়, টিফিনের সময় বা স্কুল ছুটির পরে ওই অংশ দিয়ে যাতায়াত করা কষ্টকর হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজার এলাকায় নিয়মিত তদারকি না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ চান। বিশেষ করে স্কুলের সামনে ময়লার স্তূপ সরানো এবং ফুটপাত দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। দ্রুত ব্যবস্থা না নিলে স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়বে। শিশুদের নিরাপদ চলাচল ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এখন জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
আব্দুর রাজ্জাক
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি