পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায়, অন্ধ, পঙ্গু, বধির ও বোবা মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ অসহায় পুনর্বাসন সংস্থা।
সংস্থার উদ্যোগে ১৪ মার্চ ২০২৬, শনিবার সকাল ১০টায় টাঙ্গাইলের জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
সংস্থার সভাপতি মো. জাকির হোসেন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করা নৈতিক দায়িত্ব। ঈদকে সামনে রেখে নগদ সহায়তা প্রদানের মাধ্যমে অন্তত কিছু মানুষের মুখে হাসি ফোটানোই তাদের লক্ষ্য। তিনি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি ও সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেন।
সংস্থার সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আজাদ (মুন্না) জানান, ইতোমধ্যে উপকারভোগীদের তালিকা প্রণয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। স্বচ্ছতার ভিত্তিতে সহায়তা বিতরণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করবেন মোহাম্মদ মাসুদুর রহমান (তুহীন), সহকারী অধ্যাপক ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক, টাঙ্গাইল।
আয়োজকদের প্রত্যাশা, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে এমন মানবিক উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা সম্ভব হবে।