জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা বৃহস্পতিবার (২৬শে মার্চ )অধ্যাপক মুহাম্মদ ইউনুস-এর সঙ্গে এক নৈশভোজ বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই দেশের সহযোগিতা জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
সাতসুকি কাটায়ামা জাপানের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বিশেষ করে সামাজিক উদ্ভাবন, সামাজিক প্রভাবমূলক উদ্যোগ এবং সামাজিক ব্যবসা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রযুক্তি বিনিময়, বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ এবং জাপানি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনাও উঠে আসে। উভয় পক্ষই এসব খাতে যৌথ উদ্যোগের ওপর জোর দেন।
অধ্যাপক ইউনূসের কাজের দীর্ঘদিনের প্রশংসক কাটায়ামা। তিনি সামাজিক ব্যবসা প্রসারে তাঁর আগ্রহের কথা জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি জানান, ১৯৯০-এর দশকে জাপানের একটি বড় ওডিএ প্রকল্প পরিদর্শনের জন্য তিনি বাংলাদেশে এসেছিলেন। সেই সফরের অভিজ্ঞতা তাঁর মনে রয়েছে। তিনি আবার বাংলাদেশ সফরের ইচ্ছাও প্রকাশ করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল হাসান, লামিয়া মোর্শেদ এবং সজীব এম খায়রুল ইসলাম।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক বাংলাদেশ-জাপান সম্পর্ককে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। বিশেষ করে সামাজিক ব্যবসা ও বিনিয়োগ খাতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।