ইস্তাম্বুলে স্বাধীনতা দিবস উদযাপন তথ্যমন্ত্রীর

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তুরস্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক এবং ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, স্বাধীনতা দিবসের বর্তমান প্রেক্ষাপট বুঝতে হলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের অভিজ্ঞতা থেকে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার বিষয়টি তিনি তুলে ধরেন।

তিনি আরও বলেন, জনগণকে কেন্দ্র করে চিন্তা করার মানসিকতা থেকে বিচ্যুত হলে যে কোনো সরকারের জন্য নেতিবাচক পরিণতি তৈরি হতে পারে। তাই নির্বাচিত প্রতিনিধিদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে, কনস্যুলেটে পৌঁছালে মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল।

উল্লেখ্য, তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে ২৬ মার্চ তুরস্কে পৌঁছান তথ্যমন্ত্রী। ইস্তাম্বুলের কনরাড বসফরাস হোটেলে ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *