রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয় এবং প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন। পরে তিনি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনও শ্রদ্ধা জানায়।

দিবসটি উপলক্ষে দূতাবাসের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কমিউনিটির সদস্য মামুনুর রশিদ ও ডা. গোলাম হাসনাইন সোহান।

সভায় রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন স্বাধীনতা যুদ্ধের শহীদ, নির্যাতিত নারী এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশিরা বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, যা দেশের স্বাধীনতা অর্জনে সহায়ক ছিল।

রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান, তারা যেন নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন। একই সঙ্গে তিনি প্রবাসীদের দেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় আইন-কানুন মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর তথ্য শেয়ার থেকে বিরত থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *