প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক–এর সঙ্গে তাঁর দপ্তরে জাপান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কোইকে ওয়াকাও এবং হরি ইউকো সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের একটি স্থায়ী অফিস স্থাপন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং তা অত্যন্ত ঘনিষ্ঠ। জাইকা দেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে। তিনি জানান, জাপানে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাপান ফাউন্ডেশন বাংলাদেশে অফিস স্থাপন করলে মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।
মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু ভাষা দক্ষতা যথেষ্ট নয়। জাপানের সংস্কৃতি ও কাজের পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তিনি জাপানি প্রশিক্ষকদের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণ চালুর ওপর গুরুত্ব দেন, যাতে কর্মীরা দ্রুত সে দেশের কাজের ধরনে অভ্যস্ত হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন পরামর্শ দেন, জাপানের সহায়তার ক্ষেত্রগুলো নির্দিষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাপান দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগ করা উচিত। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে আগে থেকেই একটি সুস্পষ্ট পরিকল্পনা প্রস্তুত রাখার কথা তিনি উল্লেখ করেন।
জাপান ফাউন্ডেশনের প্রতিনিধি কোইকে ওয়াকাও বাংলাদেশের আগ্রহের প্রশংসা করে বলেন, তিনি এই বার্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন।
সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।