সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর প্রস্তুতি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং ক্রীড়া খাতের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। একই দিনে দেশের ৬৪ জেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হবে।

তিনি আরও জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে খেলাধুলায় যুক্ত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা।

প্রতিমন্ত্রী বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির ব্যবস্থা রাখা হবে।

তিনি আরও জানান, গত ৩০ মার্চ থেকে জাতীয় দলের খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে বাকি খেলোয়াড়দেরও এই সুবিধা প্রদান সম্পন্ন করা হবে।

স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অতীতে উন্নয়নের নামে অনিয়ম হয়েছে, যার প্রভাব সিলেট জেলা স্টেডিয়ামের বর্তমান জীর্ণ অবস্থায় স্পষ্ট। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ক্রীড়া খাতে নতুন এই উদ্যোগ এবং অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *