পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি সাক্ষাৎ করেছেন। বুধবার (১লা এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশ সচিবালয়-এ।
বৈঠকে দুই দেশের মধ্যে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, শিক্ষা ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেপাল উভয়ই জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। তাই সবুজায়ন বাড়ানো এবং জ্বালানি খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা জরুরি। তিনি সরকারের নেওয়া বিভিন্ন পরিবেশ সুরক্ষা উদ্যোগ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
রাষ্ট্রদূত নেপালের বন ব্যবস্থাপনার অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, নেপালের প্রায় ৪৫ শতাংশ এলাকা বনভূমি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ও নেপালের মধ্যে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি BIMSTEC-এর আওতায় যৌথ উদ্যোগ নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় -এর সচিব মোঃ রায়হান কাওছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উভয় দেশ পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়।