কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দিনজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।
বৃহস্পতিবার (২রা এপ্রিল) সমিতি ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ভোট শুরু হয়। বিকেল ৫টায় শেষ হয়। দুপুরে ৪৫ মিনিটের বিরতি ছিল।
এবারের নির্বাচনে তিনটি প্যানেলে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলগুলো হলো— বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের “মোঃ সহিদ উল্লাহ–মোঃ মাহাবুবুল হক খন্দকার” প্যানেল, বিএনপির একাংশের জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের “মোঃ ইউসুফ আলী–তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)” প্যানেল এবং নিরপেক্ষ “ফারুক–জামান” প্যানেল।
মোট ১,২৮৭ জন ভোটারের মধ্যে ১,২৫৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন তারা। প্রার্থীরা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় তিনি সন্তুষ্ট। তিনি সব প্রার্থী ও আইনজীবীদের ধন্যবাদ জানান। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনজীবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার কথাও উল্লেখ করেন।
রাত ৯টায় ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে। রাতভর গণনা শেষে শুক্রবার (৩রা এপ্রিল ) ফলাফল ঘোষণা করা হবে।