বিশ্বমঞ্চে বাংলা কবিতা: লিরিকলাইনের সঙ্গে বাংলাদেশের নতুন যাত্রা

বাংলাদেশের কবিতা নতুন এক বৈশ্বিক যাত্রা শুরু করেছে। জার্মানিভিত্তিক আন্তর্জাতিক কবিতা প্ল্যাটফর্ম Lyrikline-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে দেশের সাহিত্য উদ্যোগ অতঃপর শব্দায়ন। এই চুক্তির ফলে বাংলাদেশের কবিদের নির্বাচিত কবিতা এখন বিশ্বের বিভিন্ন ভাষাভাষী পাঠকের কাছে পৌঁছাবে।

১৯৯৯ সালে যাত্রা শুরু করা Lyrikline সমসাময়িক কবিতাকে বিশ্বদরবারে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম। এটি পরিচালনা করে জার্মানির Haus für Poesie। বর্তমানে ৯৫টি ভাষায় কবিতা নিয়ে কাজ করছে এই প্ল্যাটফর্ম, আর ৫০টি দেশে রয়েছে তাদের সহযোগী নেটওয়ার্ক। এর বিশাল আর্কাইভে ইতোমধ্যে প্রায় ১,৭৬৮ জন কবির কবিতা সংরক্ষিত হয়েছে।

নতুন এই চুক্তির আওতায় বাংলাদেশের কয়েকজন প্রতিনিধিত্বশীল কবির লেখা ইতোমধ্যে প্ল্যাটফর্মটিতে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছেন কবি নিশাত জাহান রানা, পিয়াস মজিদ এবং শিবু কুমার শীল। পর্যায়ক্রমে আরও কবিদের গুরুত্বপূর্ণ কাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অতঃপর শব্দায়ন-এর চিফ ভিশনারি অফিসার কবি যোবায়ের শাওন জানান, গত ২১ মার্চ বিশ্ব কবিতা দিবসে এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হয়। তিনি বলেন, এই উদ্যোগ বাংলা ভাষা ও সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

এই প্রকল্পের আওতায় বাংলা কবিতা প্রথমে ইংরেজি ও জার্মান ভাষায় অনুবাদ করা হবে। পরে তা অন্যান্য ভাষায়ও ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি কবিদের নিজস্ব কণ্ঠে কবিতা পাঠের অডিও এবং ভিডিও কনটেন্টও প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ শুধু বাংলাদেশের কবিতাকে বিশ্বমঞ্চে তুলে ধরবে না, বরং বিভিন্ন দেশের সাহিত্যিকদের সঙ্গে নতুন যোগাযোগ ও সহযোগিতার পথও খুলে দেবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *