খেলাফত আন্দোলন–এনসিপির বৈঠক

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই সনদের আইনি ভিত্তি এবং আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কামরাঙ্গীচরে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মাওলানা আশরাফ উদ্দীন মাহদি ও সংগঠক সানাউল্লাহ খান।

অন্যদিকে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ও শিক্ষা দীক্ষা সম্পাদক মুফতি ইলিয়াস মাদারীপুরী।

বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি, উচ্চকক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি প্রবর্তন, জুলাই গণহত্যা ও শাপলা হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিতের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।

এছাড়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকার রক্ষায় যেকোনো ধরনের বিদেশি আধিপত্য ও অভ্যন্তরীণ স্বৈরাচারবিরোধী সংগ্রামে যৌথভাবে কাজ করার বিষয়ে দুই দলের নেতারা ইতিবাচক মত প্রকাশ করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করেন—বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ন্যায়ের শাসন, জবাবদিহিতা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় এই সংলাপ ভবিষ্যতে আরও বিস্তৃত রাজনৈতিক ঐক্যের ভিত্তি গড়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *