ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেস্কো)-এর বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান অধ্যাপক ড. রাহিল কামার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় আইসেস্কোর অপর প্রতিনিধি ফাহমিদা ফাইজাও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইসেস্কোর মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আইসেস্কো চেয়ার’ প্রতিষ্ঠার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষা ও গবেষণার অগ্রগতির জন্য জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব ও নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ সহযোগিতায় শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমে আগ্রহ প্রকাশ করায় আইসেস্কো প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।