দেশের সড়ক নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে। এ লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প এবং বিআরটিসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
ঢাকায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর করা হয়। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের পক্ষে পরিচালক মোহাম্মদ সাব্বীর হাসান খান এবং বিআরটিসির পক্ষে চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের তিনটি প্রকল্প বাস্তবায়ন ইউনিটের কর্মকর্তা এবং বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা কমানো এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সড়কে দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যা কমানো এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা।
এই চুক্তির আওতায় সারা দেশে বিআরটিসির ২৭টি ট্রেনিং ইনস্টিটিউটে চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে একদিকে দক্ষ ও সচেতন চালক তৈরি হবে, অন্যদিকে দক্ষ জনশক্তি গড়ে উঠবে এবং বেকারত্ব কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।