ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ: প্রধান তথ্য অফিসার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর। তিনি বলেছেন, এবারের নির্বাচনে ভোটারদের হাত ধরেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

বুধবার খুলনার বটিয়াঘাটায় আঞ্চলিক তথ্য অফিস খুলনার উদ্যোগে আয়োজিত ভোটার উদ্বুদ্ধকরণমূলক মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান তথ্য অফিসার বলেন, অতীতে যেসব নতুন ও নারী ভোটার নানা কারণে ভোট দিতে পারেননি, তারা এবার উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তিনি সবাইকে নিজে ভোট দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করার অনুরোধ জানান।

সভায় বক্তারা বলেন, নির্বাচনের সময় একজন নাগরিকের সবচেয়ে বড় শক্তি হলো তার ভোট। সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট প্রয়োগ করলে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করা সম্ভব। এবারের নির্বাচন জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি বড় সুযোগ।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে আয়োজিত সভায় আযম খান কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মো. লুৎফর রহমান প্রধানসহ খুলনা আঞ্চলিক তথ্য অফিস ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে নির্বাচন বিষয়ক একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *