পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লা আজ পরিণত হয় শাস্ত্রীয় সঙ্গীতের এক সুরভিত মঞ্চে। উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভেসে আসে তার সুরের উত্তরাধিকার।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হয় দিনব্যাপী এই আয়োজন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উদ্বোধনের পর প্রদর্শিত হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্যচিত্র। এরপর শুরু হয় একের পর এক সঙ্গীত পরিবেশনা—রাগ ভীমপলশ্রীতে খেয়াল পরিবেশন করেন পণ্ডিত অসিত দে। নবীন শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত পরিবেশন শেষে রাত ৮টা ৪৫ মিনিটে রাগ কিরওয়ানি উপস্থাপন করেন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সঙ্গীত পরিচালনায় ছিলেন মৈত্রী সরকার। অংশ নেন অভিজিৎ কুন্ডু (ধ্রুপদ), প্রশান্ত ভৌমিক ও ফাহমিদা নাজনীন (তবলা), শুক্লা হালদার (এস্রাজ), নিলয় হালদার (সারেঙ্গি), ইসরা ও ইলহাম ফুলঝুরি খান (সরোদ), সোহিনী মজুমদার ও মোহাম্মাদ কাওছার (সেতার)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান, ইতালি, চায়না, পাকিস্তান, ভারত, ফিলিপাইন, বতসোয়ানা ও ইউনেস্কাসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
সন্ধ্যার শেষভাগে আফসানা খান (সেতার) ও রুখসানা খান (সরোদ) যুগলবন্দি পরিবেশন করেন। এরপর নাসির আলী মামুন অংশ নেন ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ’কে নিয়ে কথোপকথনে’। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ওস্তাদের প্রপৌত্র সিরাজ আলী খাঁ’র অসাধারণ সরোদ পরিবেশনা, যিনি কল্লোল ঘোষ ও আর্চিক ব্যানার্জীর (তবলা) সহযোগে দর্শককে বিমোহিত করেন।
শেষে সিরাজ আলী খাঁ’কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফজাল হোসেন ও মারিয়া ফারিহ্ উপমা।