বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর নিজস্ব আচরণবিধি (কোড অব কনডাক্ট) প্রণয়ন করে তা জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
বুধবার ( ৮ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, “যদি বেসরকারি টিভি চ্যানেলসমূহ তাদের আচরণবিধি প্রকাশ করে, তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবেন তারা সেটি মেনে চলছে কি না। এতে জনগণের প্রতি চ্যানেলগুলোর দায়বদ্ধতা বাড়বে।”
সভায় তিনি আরও জানান, কেবল টিভি ডিজিটালাইজেশনের বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে। খুব শিগগিরই আবারও একটি সভা অনুষ্ঠিত হবে। অংশীজনদের মতামতের ভিত্তিতে সরকার একটি নীতিমালা প্রণয়ন করবে বলেও তিনি জানান।
টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে টিআরপি বিষয়েও আলোচনা চলছে। অচিরেই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।”
মতবিনিময় সভায় অ্যাটকোর প্রতিনিধিরা কেবল টিভি ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করেন এবং এর জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের প্রস্তাব দেন। তারা আরও বলেন, বেসরকারি টিভি চ্যানেলের জন্য কোনো আইন বা নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া উচিত।
সভায় অ্যাটকোর নেতারা জানান, বর্তমানে বেসরকারি চ্যানেলগুলোর ওপর সরকারের কোনো হস্তক্ষেপ বা চাপ নেই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অ্যাটকোর কোষাধ্যক্ষ জহির উদ্দীন মাহমুদ মামুন, পরিচালক মোস্তফা কামাল, আব্দুস সালাম, নাভিদুল হক ও টিপু আলম মিলন।
এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।