আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছে সংগঠন আমরা বাংলার সন্তান (আবাস)। সংগঠনের পক্ষ থেকে ডা. ম.আ.আ. মুক্তাদীর ও জামাল উদ্দিন ২৯ মাঘ, অর্থাৎ ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে এই আহ্বান জানান।
তাঁরা বলেন, নির্বাচন যেন কোনো ধরনের ঝামেলা বা সহিংসতা ছাড়াই শান্তি-শৃঙ্খলা, সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হয়—এটাই সবার কামনা। সে উদ্দেশ্যে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আবাসের নেতারা মনে করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মিলিত প্রার্থনা ও ইতিবাচক মনোভাব সমাজে শান্তির বার্তা ছড়িয়ে দিতে পারে। এতে নির্বাচনকেন্দ্রিক উত্তেজনা কমবে এবং জনগণের মধ্যে সৌহার্দ্য বজায় থাকবে।
এ সময় তাঁরা সব শান্তিকামী ও দেশপ্রেমিক নাগরিকের প্রতি বিনীত আবেদন জানান—নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সহযোগিতা করার জন্য।