গণভোট-২০২৬ ও জাতীয় নির্বাচন: বিদেশি সাংবাদিকদের সহায়তায় মিডিয়া সেন্টার চালু

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় নির্বাচন কমিশন সব সময় পাশে থাকবে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আসন্ন গণভোট-২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঠিক তথ্য দেশ-বিদেশে তুলে ধরা হবে।

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য অধিদপ্তরের মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভোট ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিদেশি সাংবাদিকদের পেশাগত কাজে সহায়তা দিতে নির্বাচন কমিশনের সহযোগিতায় এ মিডিয়া সেন্টার চালু করা হয়েছে। বিদেশি সাংবাদিকদের সহায়তার জন্য বিমানবন্দরেও একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে।

আখতার আহমেদ জানান, এবার নির্ভুলভাবে ভোটার তালিকা হালনাগাদ করা এবং নতুন রাজনৈতিক দলের নিবন্ধনসহ বিভিন্ন কাজ ছিল বেশ চ্যালেঞ্জিং। তবে পর্যায়ক্রমে সব কাজ সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহণের সকল প্রস্তুতিও শেষ হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, অপপ্রচার ও অপতথ্য রোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সঠিক ও যাচাইকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। ভোটের ফলাফল প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ফল গণনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, বর্তমান সময়ে দায়িত্বশীল সাংবাদিকতা জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে সবাই প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও জানান, এ পর্যন্ত ১৯টি দেশ থেকে সাংবাদিকরা বাংলাদেশে এসেছেন। তাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। মিডিয়া সেন্টার থেকে নির্বাচন ও গণভোটসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। বিদেশি সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা রাখা হয়েছে। নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গাইডলাইন অনুসরণ করার কথাও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, দেশি-বিদেশি সাংবাদিকদের মাধ্যমে নির্বাচনের তথ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রায় ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসবেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের নির্বাচন কমিশনের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নির্বাচন পর্যবেক্ষক দল ও আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীরা রয়েছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যাতে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা নিতে পারেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার প্রধানরা, নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *