সাংবাদিকবান্ধব নয় জেলা প্রশাসন: নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য

জাকির হোসেন

টাঙ্গাইলে জাতীয় নির্বাচনের পর্যবেক্ষণ কার্ড বিতরণকে ঘিরে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। জেলার একাধিক গণমাধ্যমকর্মী অভিযোগ করেছেন, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরও অনেক পেশাদার সাংবাদিককে কার্ড দেওয়া হয়নি। কারও কারও ক্ষেত্রে অপমানজনক আচরণের অভিযোগও উঠেছে।

সাংবাদিকদের ভাষ্য, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যেখানে দায়িত্ব পালনের জন্য সরকারি সুযোগ-সুবিধা পান, সেখানে সাংবাদিকরা জনস্বার্থে বিনা পারিশ্রমিকে মাঠে কাজ করেন। নির্বাচন পর্যবেক্ষণ কার্ড তাদের কাজের জন্য অপরিহার্য একটি অনুমতিপত্র।

অভিযোগ উঠেছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে পর্যবেক্ষণ কার্ড বিতরণের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। কয়েকজন সাংবাদিক দাবি করেন, কার্ড সংগ্রহ করতে গিয়ে তারা হয়রানি ও অপমানের শিকার হয়েছেন। এমনকি অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত গণমাধ্যমের প্রতিনিধিদেরও কার্ড না দেওয়ার অভিযোগ রয়েছে।

টাঙ্গাইল নাগরিক সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ রাজ্য জানান, জেলা প্রশাসনের প্রজ্ঞাপন অনুযায়ী আবেদন করলেও তিনি পর্যবেক্ষণ কার্ড পাননি। তার দাবি, আবেদন যাচাইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা সাংবাদিকতার বিভিন্ন পদবির পার্থক্য সম্পর্কেও স্পষ্ট ধারণা রাখেন না।

জেলার একাধিক সাংবাদিক বলেন, জেলা প্রশাসন ও কার্যালয় সাংবাদিকবান্ধব আচরণ করছে না। তাদের মতে, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত না হলে একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা কঠিন হবে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন যদি একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে চায়, তবে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও সম্মানজনক আচরণ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *