ক্যাপিটল হিলে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে ব্রিফিং

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে এ আলোচনা সভার আয়োজন করে ওয়াশিংটনভিত্তিক অলাভজনক ও নিরপেক্ষ সংস্থা ‘দ্য বাংলাদেশ প্রজেক্ট’। অনুষ্ঠানে সহযোগিতা করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস।

ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেসওম্যান নেলি পু (ডি-নিউ জার্সি), যিনি কংগ্রেশনাল বাংলাদেশ ককাসের সহ-চেয়ার। এছাড়া বক্তব্য দেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

আলোচনা প্যানেলে আরও ছিলেন আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান, দ্য বাংলাদেশ প্রজেক্টের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শামারুখ মহিউদ্দিন, অনলাইন ম্যাগাজিন ‘মুক্তিফোরাম’-এর প্রতিষ্ঠাতা অনুপম দেবাশীষ রায়, ‘রাইট টু ফ্রিডম’-এর নির্বাহী পরিচালক জন ড্যানিলোভিজ, দ্য বাংলাদেশ প্রজেক্টের উপদেষ্টা সাইফ ইকবাল শাহ মোহাম্মদ এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতিবিদ ইসলামুল হক।

আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি, মানবাধিকার পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ দিক নিয়ে মতবিনিময় হয়। বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শুধু দেশের জন্য নয়, আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধিরা, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, নাগরিক সমাজের নেতারা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্রে নীতিনির্ধারণী পর্যায়ে গঠনমূলক আলোচনা এগিয়ে নিতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *