বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি আন্তর্জাতিক চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসি বাংলাদেশ)–এর প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের সঙ্গে এক মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেন।
বৈঠকে আইসিসি বাংলাদেশের বোর্ড সদস্যরাও উপস্থিত ছিলেন। আলোচনায় দেশের বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে বাংলাদেশ, ফ্রান্স ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।
জানা গেছে, ব্যবসায়িক পরিবেশ, বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। বাংলাদেশে কার্যরত বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও কথা হয়।
এই বৈঠক ছিল বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূতের চলমান উদ্যোগের অংশ। তিনি ব্যবসায়িক নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন, যাতে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করা যায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কূটনৈতিক ও ব্যবসায়িক সংলাপ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।