দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে “চতুর্থ স্তম্ভ” বলা হলেও এ খাতের কর্মীরা এখনও প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে রয়ে গেছেন। ফলে সাংবাদিকদের, বিশেষ করে প্রবীণদের, জীবনের শেষ পর্যায়ে আর্থিক অনিশ্চয়তায় পড়তে হয়। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা। কিন্তু অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ সময়ে আর্থিক কষ্টে থাকেন, যা একটি রাষ্ট্রের জন্য কাম্য নয়। সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।
গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার বিষয়েও কাজ চলছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ লক্ষ্যে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
এ সময় মন্ত্রী অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।
অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল এবং ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রবীণ সাংবাদিকদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।