মেট্রোরেল-১ ও -৫ (উত্তর লাইন) নির্মাণ শুরু করতে জাইকার তাগিদ

রাজধানীর মেট্রোরেল-১ এবং মেট্রোরেল-৫ (উত্তর লাইন) প্রকল্পের নির্মাণকাজ দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। সম্প্রতি সংস্থাটি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে পৃথক দুটি চিঠি পাঠিয়ে এই তাগিদ জানায়। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এবং ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালককেও একই বিষয়ে চিঠি দিয়েছে জাইকা।

জাইকার চিঠিতে বলা হয়েছে, প্রশাসনিক জটিলতা ও বিলম্বের কারণে মেট্রোরেল-১ ও ৫ নম্বর (উত্তর লাইন) প্রকল্পের বাস্তবায়ন পর্যায় দীর্ঘায়িত হচ্ছে। প্রকল্প দুটির জন্য নির্ধারিত ঋণের অর্থ নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষিত থাকলেও কাজ শুরু না হওয়ায় তা ব্যবহারের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে জাইকার ঋণ শৃঙ্খলায়ও সমস্যা দেখা দিচ্ছে বলে উল্লেখ করা হয়।

মেট্রোরেল-১ প্রকল্পের রুট নির্ধারণ করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত। ২০৩০ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো মূল কাজ শুরু হয়নি; শুধুমাত্র ডিপোর জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, মেট্রোরেল-৫ (উত্তর লাইন) হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির কাজ শেষ হওয়ার সময়সীমা ২০২৮ সাল নির্ধারিত হলেও এখানেও এখনো ভৌত কাজ শুরু হয়নি। ২০১৯ সালের অক্টোবর ও ডিসেম্বরে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্প দুটির অনুমোদন দেওয়া হয়।

২০২২ সালের জুনে জাইকা এমআরটি-৫ (উত্তর লাইন) নির্মাণে প্রায় ১০০ কোটি ডলার ঋণ নিশ্চিত করে। অন্যদিকে এমআরটি-১ প্রকল্পে জাইকার প্রতিশ্রুত ঋণের পরিমাণ ৫৪ কোটি ডলার।

চিঠিতে জাইকা জানিয়েছে, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে ঢাকার নগর পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং নাগরিকদের যোগাযোগ আরও সহজ হবে। তাই দ্রুত নির্মাণকাজ শুরুর তাগিদ দিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *