সুনামগঞ্জে নিরাপদ মাছ উৎপাদন নিয়ে সেমিনার

সুনামগঞ্জে নিরাপদ মাছ উৎপাদন ও বিপণনে মৎস্যজীবীদের করণীয় বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জের যৌথ উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আল মিনান নূর। তিনি নিরাপদ মাছ উৎপাদন ও বিপণনের আধুনিক কৌশল, মৎস্যজীবীদের দায়িত্ব এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু এবং মৎস্য চাষি মো. দারু মিয়া বক্তব্য দেন।

বক্তারা বলেন, হাওরাঞ্চলখ্যাত সুনামগঞ্জে বর্তমানে মাছের সংকট দেখা দিয়েছে। কাগজে কলমে উৎপাদন বাড়লেও বাস্তবে হাওরে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না। এই সংকট দূর করতে হলে প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের উদ্যোগ নিতে হবে।

তারা আরও বলেন, অবাধ মৎস্য শিকার ও অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব চাষপদ্ধতি, স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াকরণ এবং বিপণনে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন বক্তারা।

সেমিনারে মৎস্যজীবীদের প্রশিক্ষণ, সরকারি সহায়তা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে স্থানীয় মৎস্যজীবী, মাছ চাষি, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *