নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত : প্রণয় ভার্মা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত এবং দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও বিস্তৃত ও গতিশীল করতে চায় নয়া দিল্লি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়াই ভারতের লক্ষ্য। তিনি জানান, দুই দেশের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ককে সামনে রেখে ভবিষ্যতমুখী অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে উন্নয়ন সহযোগিতা, প্রযুক্তি বিনিময়, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বিশেষ করে জনমুখী প্রকল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়েছে বলে জানান তিনি।

হাইকমিশনার আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে আঞ্চলিক রাজনীতি, বাণিজ্য ও সংযোগ অবকাঠামো নিয়ে নতুন বাস্তবতার মুখোমুখি। এ প্রেক্ষাপটে কূটনৈতিক মহল মনে করছে, উচ্চপর্যায়ের এ ধরনের বৈঠক ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *