শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষা প্রশাসনকে আরও স্বচ্ছ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ই মার্চ) অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রী বলেন, সরকারি কাজে সুষ্ঠু সমন্বয়, খোলামেলা আলোচনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মপরিবেশকে আরও কার্যকর করতে হবে। তিনি কর্মকর্তাদের নির্ভয়ে ও যুক্তির ভিত্তিতে মতামত দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনের ভেতরে অপ্রয়োজনীয় দূরত্ব কমিয়ে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন।
মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকদের যেন অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় অফিসে ঘুরতে না হয়। তাদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষাসংক্রান্ত বিষয় নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।
তিনি বদলি প্রক্রিয়ায় তদবির বন্ধ এবং স্বচ্ছতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সফটওয়্যার ব্যবহারের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। তাঁর মতে, প্রযুক্তি ব্যবহার করলে বদলি কার্যক্রম আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।
মন্ত্রী সেবাপ্রদান প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করতে অটোমেশন এবং ডিজিটাল পদ্ধতি চালুর ওপরও জোর দেন। তিনি বলেন, ভবিষ্যতে এমন একটি ব্যবস্থা করা যেতে পারে যাতে সেবাপ্রার্থীরা সহজেই জানতে পারেন—তাদের সমস্যার জন্য কোন ডেস্ক বা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে।
সভায় উপস্থিত কর্মকর্তারা অনলাইন সিস্টেম ও সফটওয়্যার ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। এ সময় মন্ত্রী এসব সমস্যার দ্রুত সমাধান করে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।