শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও শক্তিশালী করার পরিকল্পনা

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলান বলেছেন, দেশের শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অধিদপ্তরকে আরও কার্যকর ও গতিশীল করতে এর সাংগঠনিক কাঠামো ও জনবল বৃদ্ধির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

বৃহস্পতিবার অধিদপ্তরের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে শিক্ষা অবকাঠামো উন্নয়নের অনেক কাজ চলছে। এসব কাজ দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।

তিনি জানান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ  (এলজিইডি) ও অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজ উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একই প্রশাসনিক কাঠামোর অধীনে থাকায় সমন্বয়ের মাধ্যমে কাজের গতি বাড়ানো সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।

নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায় নতুন নির্মিত ভবন কয়েক বছরের মধ্যেই জরাজীর্ণ হয়ে পড়ে। তাই ঠিকাদারদের দক্ষতা, পর্যাপ্ত জনবল এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সক্ষমতা যাচাই করে দায়িত্ব দিতে হবে। একই সঙ্গে কাজের মান বজায় রাখতে কার্যকর তদারকি ও প্রয়োজনীয় নীতিমালার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে নির্মাণ কাজে আধুনিক প্রযুক্তি ও উন্নত নকশার ব্যবহার অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মের প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এমন অবকাঠামো নির্মাণ করতে হবে, যা হবে টেকসই, সুন্দর এবং ব্যয়-সাশ্রয়ী।

তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করা হবে। কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *