সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত সাদাপাথর ও বালু লুটের অন্যতম আসামি তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল অদুদ আলফু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং তিনটি হত্যা মামলাসহ মোট সাতটি মামলার এজাহারনামীয় আসামি।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ। তিনি জানান, গ্রেফতারের পর আলফু চেয়ারম্যানকে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।
সম্প্রতি সাদাপাথর ও রেলওয়ে বাঙ্কার এলাকায় পাথর লুট এবং বিভিন্ন স্থানে বেআইনিভাবে বালু উত্তোলনের ঘটনায় দায়ের করা চারটি মামলায় আলফু মিয়া শীর্ষ আসামির তালিকায় ছিলেন। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েও তিনি সমালোচিত হন।
এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আব্দুল আলীকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের ভাই আব্দুল হক বাদী হয়ে মামলা করেন, যেখানে আলফু মিয়াকে প্রধান আসামি করা হয়। তার বিরুদ্ধে আরও দু’টি হত্যা মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
ওসি রতন শেখ বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে কাজী আব্দুল অদুদ আলফু মিয়াকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, পাথর-বালু লুটের সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।