সীমান্ত হত্যা ও চোরাচালান প্রতিরোধে ৪ অক্টোবর (শনিবার) ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সকালে মহেশপুর সীমান্তের মাতিলা বিওপি এলাকার ৫৩ নম্বর সীমান্ত পিলারের সংলগ্ন জিরো লাইনে বৈঠক শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে বাংলাদেশের পক্ষের নেতৃত্ব দেন ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম। ভারতের পক্ষের নেতৃত্ব দেন ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শৈলেশ কুমার।
লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, বৈঠকে সীমান্ত হত্যা, মানবপাচার, গরু চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দুই বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ৫৮ বিজিবি ও ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের ১০ জন করে কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন। উভয়পক্ষই ভবিষ্যতে সীমান্ত এলাকায় পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।