বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগ পাওয়া জেলার ৭৪ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) সুপারিশপ্রাপ্ত ৮ জন মেডিকেল অফিসারকেও সম্মাননা দেওয়া হয়।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে ‘পঞ্চগড়স্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার’ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। সভাপতিত্ব করেন ‘পঞ্চগড়স্থ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’-এর সভাপতি অধ্যাপক ইমরান আল আমিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মকবুল হোসেন ও জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জাকির হোসেন বলেন, “পঞ্চগড়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জায়গা করে নিচ্ছে, কেউ কেউ আবার বিসিএস উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখছে। এটা আমাদের জেলার জন্য গর্বের বিষয়। তাদের এই সাফল্য অন্যদের অনুপ্রেরণা যোগাবে।”
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও ক্রেস্ট তুলে দেন।