নওগাঁর পত্নীতলায় আকস্মিক ঝড়

নওগাঁর পত্নীতলায় আকস্মিক ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল চারটার দিকে শুরু হওয়া প্রবল ঝড়ে মুহূর্তেই বিপর্যস্ত হয়ে পড়ে উপজেলার বিভিন্ন এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আকাশে কালো মেঘ জমে বিকেল চারটার পর প্রবল ঝড় শুরু হয়। অল্প সময়ের মধ্যেই মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত নামলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ঝড়ে বড় বড় গাছপালা ভেঙে পড়ে বিভিন্ন সড়ক বন্ধ হয়ে যায়। এমনকি তালগাছও উপড়ে পড়ে যায়।

ঝড়ে নাদৌড়, বেংডোম, পত্নীতলা, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি ও কাশিপুরসহ বিভিন্ন গ্রামে ঘরবাড়ি ও দোকানপাটের চাল উড়ে গেছে। উপড়ে পড়েছে বহু গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ফসলের জমি। বৃষ্টির পানিতে রাস্তাঘাট ডুবে যায়। নজিপুর পৌরসভা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বহু স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীরা জানান, সন্ধ্যার পর থেকেই অন্ধকারে দিন কাটাতে হচ্ছে তাদের।

পত্নীতলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইনচার্জ রাশেদুর রহমান বলেন, “বিকেলের মাত্র নয় মিনিটের ঝড়ে বহু এলাকায় গাছপালা ভেঙে পড়ে। প্রধান সড়কগুলো সচল করতে আমাদের সদস্যরা কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *