ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে রিকশাচালক খুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার মগটুলা ইউনিয়নের করমা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. খোকন মিয়া (৫০)। তিনি করমা গ্রামের বাসিন্দা ও পেশায় রিকশাচালক। তার বাবার নাম কছিম উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খোকন মিয়ার বাবা কছিম উদ্দিন ও গিয়াস উদ্দিন দুই ভাই ছিলেন। গিয়াস উদ্দিনের মৃত্যুর পর তার ছেলেদের সঙ্গে কছিম উদ্দিনের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার মারামারি ও মামলা হয়েছে। শুক্রবার রাতে সেই পুরনো বিরোধকে কেন্দ্র করে গিয়াস উদ্দিনের ছেলে ও মগটুলা ইউনিয়ন ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম, তার ভাই এবং পরিবারের সদস্যরা খোকন মিয়ার ওপর হামলা চালায়। এসময় তার হাত-পা ভেঙে ফেলা হয় এবং মাথায় গুরুতর আঘাত করা হয়।

স্থানীয়দের খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে খোকন মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে বিল্লাল হোসেন বলেন, “জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে নজরুল ও তার ভাইয়েরা। আমরা এর সঠিক বিচার চাই।”

ঘটনার পর পুলিশ জোসনা আক্তার ও সোহাগ নামে দুজনকে আটক করেছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, “এটি পূর্ব বিরোধজনিত হত্যাকাণ্ড। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযুক্ত নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা ছাত্রদলকে অবহিত করা হয়েছে। তাকে সংগঠন থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *