জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে তিনি এ কথা জানান। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু, এর বাস্তবায়ন প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এবং ঐকমত্য কমিশনের অবস্থান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন তাঁর কাছে পেশ করার নির্দেশ দেন।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছে। পাশাপাশি গণমাধ্যমগুলোও অকল্পনীয় সমর্থন দিয়েছে, যা আমাদের কাজকে এগিয়ে নিতে সহায়তা করেছে।”
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন।