রাজশাহী মহানগরীতে শুরু হয়েছে ৩০তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। শনিবার (৪ অক্টোবর) বিকেলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহী একটি স্বাস্থ্যকর শহর, আর নদীর পাড়েই টেনিস কোর্ট হওয়ায় এর পরিবেশ অত্যন্ত মনোরম। তিনি আশা প্রকাশ করেন, খেলোয়াড়রা নিয়ম মেনে খেলোয়াড়সুলভ আচরণ করবেন।
টুর্নামেন্ট পরিচালক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ এবং রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত খেলোয়াড় ও ম্যানেজার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, হংকং ও অস্ট্রেলিয়ার ৩৯ জনসহ মোট ৫৭ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। আগামী ১০ অক্টোবর ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট শেষ হবে।