ঢাকার কমলাপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। পরিদর্শন শেষে তিনি জানান, স্টেডিয়ামটি বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে এবং জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন।
স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখে প্রতিমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ফ্লাডলাইটের অত্যন্ত মূল্যবান যন্ত্রাংশ এবং ব্লাস্ট চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনে দিয়েছে।
ড্রেসিংরুম ও সামগ্রিক খেলার পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়ামে এ ধরনের অবস্থা কাম্য নয়। বর্তমানে কিছু স্টাফ টিনশেড ঘর তৈরি করে সেখানে বসবাস করছেন, যা অবকাঠামোগত সীমাবদ্ধতার ইঙ্গিত দেয়।
প্রতিমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়ামটির সংস্কারের দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশন-কে বুঝিয়ে দেওয়া হবে। সংস্কার কাজ সম্পন্ন হবে ফিফা-র তহবিলের মাধ্যমে।
নিরাপত্তা জোরদারে সীমানা প্রাচীর উঁচু করা, কাঁটাতারের বেড়া স্থাপন এবং স্থানীয় থানার সহায়তায় সার্বক্ষণিক টহলের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে স্টেডিয়ামটিকে খেলোয়াড়দের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক এই ভেন্যুটি আবারও সচল ও মানসম্মত রূপে ফিরে আসবে—এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।