হংকংয়ে প্রবাসীদের সঙ্গে ঈদ উদযাপন, কনস্যুলেটের অংশগ্রহণ

হংকংয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। ঈদুল ফিতরের নামাজের পর কনস্যুলেটের কনসাল জেনারেল ও অন্যান্য কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মিলিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানের একটি অংশ অনুষ্ঠিত হয় কাওলুন মসজিদ প্রাঙ্গণে। সেখানে ঈদের নামাজ শেষে প্রবাসীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত মিলনমেলা হয়। পরে প্রবাসী ব্যক্তিত্ব মশাররফ ও হেলালের বাসভবনেও ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন কনস্যুলেটের কর্মকর্তারা।

এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। তারা পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও একসঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হংকং (BAHK) এ আয়োজনের মূল উদ্যোক্তা ছিল। সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সংগঠনটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে কনস্যুলেট জেনারেল।

প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও এমন আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও দেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *