বাফুফের ক্লাবভিত্তিক প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেশের ফুটবলে পেশাদারিত্ব ও স্বচ্ছতা বাড়াতে ক্লাবভিত্তিক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এই প্রশিক্ষণের মূল বিষয় ‘ফুটবলের আইন ও সততা’, যা চলমান ‘বাংলাদেশ ফুটবল লিগ ২০২৫–২৬’-এর প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ অক্টোবর ২০২৫) মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয় একটি সেশন। প্রশিক্ষণ পরিচালনা করেন বাফুফের রেফারিস কমিটির সহ-সভাপতি সুবিজিৎ কুমার ব্যানার্জি এবং ক্লাব লাইসেন্সিং অফিসার মো. মিরাজুল ইসলাম।

সেশনে তারা খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ফুটবলের নিয়ম, ন্যায়নিষ্ঠতা এবং খেলায় সততার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, নিয়ম মেনে খেলা ও নৈতিকতার চর্চা মাঠের সাফল্যের পাশাপাশি ফুটবলের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাফুফে জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ক্লাব ও খেলোয়াড়দের মধ্যে নিয়ম মানার সংস্কৃতি তৈরি করা এবং খেলার পরিবেশে পেশাদারিত্ব ও স্বচ্ছতা জোরদার করাই তাদের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *