অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালালো ‘ত্রিশূল’

কুমিল্লা, ১৩ অক্টোবর ২০২১ — সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার অষ্টমীর দিনে কুমিল্লা শহরের নানুয়া দীঘির একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন করেছে তীর্থ দর্শন ও সেবামূলক সংগঠন ‘ত্রিশূল’।

বুধবার সন্ধ্যায় নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ের ঘাটলায় আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার পেছনে থাকা ইন্ধনদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী ও আইসিটি সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু, পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার কুন্ড, ত্রিশূল-এর সভাপতি আশীষ দাস, সাধারণ সম্পাদক অনন্য ভৌমিক এবং চন্দ্রিকা গীতা শিক্ষালয়ের পরিচালক তিথী চক্রবর্ত্তীসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ অক্টোবর কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী ও রংপুরের বীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার নিন্দায় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও শান্তির আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *