“আঁধার ছিঁড়ে আলোর ধারা—নবালোকে প্রাণের সাড়া” এই শ্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কুমিল্লায় আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব।
কুমিল্লা সাংস্কৃতিক জোটের উদ্যোগে আগামী ১ ও ২ বৈশাখ (মঙ্গলবার ও বুধবার) নগর উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই উৎসব। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকদের সার্বিক যোগাযোগ ও সমন্বয়কারী অ্যাডভোকেট শহীদুল হক স্বপন।
আয়োজকরা জানিয়েছেন, উৎসবের কর্মসূচিতে থাকছে বর্ষবরণ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং লোকজ ক্রীড়া প্রতিযোগিতা। এছাড়া থাকবে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম, প্রদর্শনী স্টল, নববর্ষের মিষ্টান্ন আপ্যায়ন, পুরস্কার বিতরণ এবং একটি স্মারক প্রকাশনা।
উৎসবকে ঘিরে ইতোমধ্যে নানা প্রস্তুতি শুরু হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সব বয়স ও শ্রেণির মানুষ এতে অংশ নেবেন এবং একটি প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেবে আয়োজনটি।
কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার এবং সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন জানান, এই উৎসব অসাম্প্রদায়িক চেতনায় সবার অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রয়াস। একই আহ্বান জানিয়েছেন নববর্ষ উদযাপন পর্ষদ ১৪৩৩-এর আহ্বায়ক বেলায়েত হোসেন কনক ও সদস্য সচিব আশিক শিশির।
আয়োজকদের ভাষ্য, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির ঐতিহ্যকে ধারণ করে এ আয়োজন কুমিল্লার সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন উদ্দীপনা যোগ করবে।