চীনের অনুদানে বাংলাদেশ পেল ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা

বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) আরও শক্তিশালী করতে চীনের শীর্ষ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেড–এর অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৩ই মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুদান গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডিরেক্টর লী নিং।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চলমান স্বাস্থ্য পরিস্থিতিতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশে চীন আবারও সহযোগিতার প্রমাণ দিয়েছে।

তিনি জানান, দেশে হামের পাশাপাশি ডেঙ্গু, পোলিও ও হান্টা ভাইরাসসহ বিভিন্ন রোগের ঝুঁকি দেখা দিয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি জোরদার করছে। তবে পোলিও ও যক্ষ্মার মতো রোগের টিকার কোনো ঘাটতি নেই বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী প্রায় সব শিশুকে ইতোমধ্যে হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। যারা এখনও টিকার বাইরে রয়েছে, তাদেরও দ্রুত আওতায় আনা হবে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। প্রয়োজনে হাসপাতালের সংখ্যা আরও বাড়ানো হবে। একই সঙ্গে শিগগিরই দেশব্যাপী ‘ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন’ শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সিনোভ্যাকের চিফ বিজনেস ডিরেক্টর লী নিং বলেন, বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে সহায়তা করতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত। তিনি বলেন, পোলিও শিশুদের জন্য অত্যন্ত সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ। টিকাদানই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

তিনি আশা প্রকাশ করেন, অনুদান হিসেবে দেওয়া এই টিকা বাংলাদেশের ইপিআই কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং দেশের পোলিও নির্মূল প্রচেষ্টায় কার্যকর অবদান রাখবে। পাশাপাশি বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেয় সিনোভ্যাক।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুদান হিসেবে পাওয়া মোট ৭৬ হাজার ৬১৬ ভায়াল, অর্থাৎ ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা ইতোমধ্যে ইপিআই সংরক্ষণাগারে পৌঁছেছে। সেখান থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে সরবরাহ করা হবে।

সিনোভ্যাকের তৈরি এই পোলিও টিকা— “পোলিওমাইলাইটিস ভ্যাকসিন, ইনএকটিভেটেড সাবিন স্ট্রেন (sIPV)” — ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা–এর প্রি-কোয়ালিফিকেশন অর্জন করে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় একই ধরনের টিকা সরবরাহ করছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ইপিআই, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *